শাড়ি মানেই চিরাচরিত ব্লাউজ, পেটিকোট আর একই ধরনের আঁচল—এমন ধারণা বদলে দিয়েছেন বলিউডের অভিনেত্রীরা। ঐতিহ্যবাহী এই পোশাককে কখনো ট্রাউজারের সঙ্গে, কখনো ধুতি প্যান্টের সঙ্গে আবার কখনো ব্লেজার কিংবা চামড়ার টেক্সচারে সাজিয়ে নতুন মাত্রা দিয়েছেন তাঁরা। ফ্যাশনে ভিন্নতা আনতে পছন্দ করেন যাঁরা, তাঁদের জন্য বলিউড তারকাদের অনুপ্রেরণায় শাড়ি পরার পাঁচটি অভিনব স্টাইল তুলে ধরা হলো।
১. ট্রাউজারের সঙ্গে শাড়ি

শাড়ির সঙ্গে পেটিকোটের পরিবর্তে ট্রাউজার—এমন ব্যতিক্রমী স্টাইল বেছে নিয়েছেন অভিনেত্রী শিল্পা শেঠি। আগে থেকে ভাঁজ করা শাড়ির সঙ্গে ট্রাউজার পরার এই ধরন ঐতিহ্যবাহী পোশাকে যোগ করেছে আধুনিক ইন্দো-ওয়েস্টার্ন আবেদন। এতে শাড়ির স্বাভাবিক সৌন্দর্য বজায় থাকার পাশাপাশি তৈরি হয় আরও পরিপাটি ও আকর্ষণীয় লুক।
২. ধুতি স্টাইলে শাড়ি

প্রচলিত শাড়ির বাইরে একটু ভিন্ন কিছু চাইলে অনুপ্রেরণা হতে পারেন সোনাক্ষী সিনহা। ধুতি স্টাইলে শাড়ি পরার এই কৌশলে সাধারণ কুঁচির পরিবর্তে ধুতি প্যান্টের মতো ভাঁজ তৈরি করা হয়। এতে পোশাকে আসে গতিশীলতা ও আধুনিকতার ছোঁয়া। পার্টি কিংবা বিশেষ অনুষ্ঠানে নজরকাড়া উপস্থিতির জন্য এই স্টাইল হতে পারে দারুণ পছন্দ।
৩. শাড়ির সঙ্গে ব্লেজার

শাড়ির সঙ্গে ব্লেজার—শুনতে কিছুটা অপ্রচলিত মনে হলেও মৌনি রায় এই সংমিশ্রণকে দিয়েছেন ভিন্ন মাত্রা। কালো ডোরাকাটা শাড়ির সঙ্গে সাদা শার্ট, সোনালি টাই ও কারুকাজ করা ব্লেজার পরেছিলেন তিনি। পাশ্চাত্য ফ্যাশনের সঙ্গে ভারতীয় ঐতিহ্যের এই মিশ্রণ তৈরি করে ব্যতিক্রমী লুক। অফিস পার্টি কিংবা সন্ধ্যার আয়োজনে এমন সাজ হতে পারে আকর্ষণীয়।
৪. শাড়ি দিয়ে তৈরি করুন ব্লাউজ

প্রচলিত স্টাইল থেকে বেরিয়ে আসতে অনন্যা পান্ডের সাজ হতে পারে অনুপ্রেরণা। শাড়ির কাপড় দিয়েই এক কাঁধের ব্লাউজের মতো পোশাক তৈরি করে তার সঙ্গে ধুতি প্যান্ট পরেছিলেন তিনি। দুটি ঐতিহ্যবাহী পোশাকের এমন অপ্রচলিত সংমিশ্রণ ফ্যাশনে এনেছে নতুনত্ব। যারা সাহসী ও ব্যতিক্রমী সাজ পছন্দ করেন, তাঁদের জন্য এটি হতে পারে চমৎকার আইডিয়া।
৫. ভিন্ন টেক্সচারের শাড়ি

শাড়ির কাপড় ও টেক্সচারে বৈচিত্র্য আনতে মালাইকা অরোরার স্টাইল অনুসরণ করতে পারেন। ক্রপ টপ ব্লাউজের সঙ্গে কালো চামড়ার টেক্সচারের শাড়ি পরে তিনি তৈরি করেছিলেন সাহসী ও আধুনিক লুক। প্রচলিত শাড়ির পরিচিত গড়ন থেকে বেরিয়ে এসে এমন ভিন্ন উপাদানের ব্যবহার পোশাককে করে তোলে আরও আকর্ষণীয়।
ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন
শাড়ির সৌন্দর্য তার বৈচিত্র্যে। সঠিকভাবে স্টাইলিং করতে পারলে একই শাড়ি দিয়ে তৈরি করা যায় একাধিক ভিন্ন লুক। বলিউড তারকাদের এসব ফ্যাশন পরীক্ষা-নিরীক্ষা দেখিয়ে দেয়, শাড়ি শুধু ঐতিহ্যবাহী পোশাক নয়, আধুনিক ফ্যাশনেও এর রয়েছে বিস্তৃত সম্ভাবনা।
সূত্র: হিন্দুস্তান টাইমস ডিজিটাল