ডায়াবিটিসে আক্রান্ত নন, তবু সঙ্গে রাখেন ‘কন্টিনিউয়াস গ্লুকোজ় মনিটর’ বা সিজিএম বা রক্তে শর্করা মাপার যন্ত্র। ফিটনেসের জন্য চর্চিত অভিনেত্রী সোহা আলী খানের কি তবে সুগার হল, ভেবেছিলেন অনেকেই। কিন্তু ডায়াবিটিস না থাকলেও, কেন রক্তে শর্করার মাত্রা পরিমাপ জরুরি, তা খোলসা করলেন অভিনেত্রী নিজেই।
ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন সোহা। খাওয়া, শারীরচর্চা, খেলাধুলোর ভিডিয়ো মাঝেমধ্যেই তিনি অনুরাগীদের সঙ্গে সমাজমাধ্যমে ভাগ করে নেন। অভিনেত্রী জানাচ্ছেন, সুস্থ থাকতেই তিনি নিয়ম করে রক্তে শর্করা মাপেন। বর্তমানে ডায়াবিটিস মহামারি প্রবল ভাবে বেড়ে চলেছে। অনেকে ভাবেন, বেশি চিনি খেলে সুগার হয়। আসলে তা এতটাও সরল নয়। রোজের খাদ্যাভ্যাস, অলস জীবনযাপন, জিনগত কারণ, ইনসুলিন রেজ়িস্ট্যান্স (ইনসুলিন হরমোন ঠিকমতো কাজ না করা) এবং হরমোনের ভারসাম্যহীনতা— এমন অনেক কিছুই এর সঙ্গে জড়িত।