জনপ্রিয় গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন পাকিস্তানের গায়ক শাফকাত আমানত আলী। গত দু’বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তিনি।
সম্প্রতি নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনলেন গায়ক নিজেই। তিনি জানান, মাল্টিপল মায়েলোমা নামের এক ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি।
অসুস্থতার কারণে প্রায় এক বছর বিছানায় কাটাতে হয়েছে তাকে। দীর্ঘ চিকিৎসা এবং কেমোথেরাপির পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন শিল্পী।
সম্প্রতি করাচিতে এক সংবাদ সম্মেলনে নিজের অসুস্থতার কথা জানান শাফকাত। সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, শিল্পী জানিয়েছেন, এই অসুস্থতার খবর তার পরিবার, বন্ধু এবং অনুরাগীদেরও গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল।
পরিস্থিতি সামাল দিতে গিয়ে পরিচিতদের অনেকের কাছ থেকেও বিষয়টি গোপন রাখতে হয়েছিল। তার কথায়, ‘এমন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, যা আমাকে, আমার পরিবার, বন্ধু এবং অনুরাগীদের নাড়িয়ে দিয়েছিল। আমার সমস্যাটা ছিল মাল্টিপল মায়েলোমা। পরিস্থিতি খুব খারাপ ছিল। রীতিমতো লড়াই করতে হয়েছে।’
কেমোথেরাপি শেষ হওয়ার পরই ফের মঞ্চে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। প্রথমে লাহোরে একটি অনুষ্ঠানে গান করেন। দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরে আসাটা শারীরিক ভাবে সহজ ছিল না। তবু সেই বাধা পেরিয়ে ফের গান শুরু করেছেন তিনি। বর্তমানে রেকর্ডিংয়ের পাশাপাশি সরাসরি অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন শাফকাত।
আগামী ২৮ নভেম্বর করাচির বিচ লাক্সারি হোটেলে একটি সংগীতানুষ্ঠানে পারফর্ম করার কথা শাফকাতের। করাচির পর ইসলামাবাদ ও লাহোরেও অনুষ্ঠান হওয়ার পরিকল্পনা রয়েছে।