সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকার মন্তব্যের সময়ে হেসে সায় দিয়েছিলেন কীর্তি। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই এ বার নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।

দক্ষিণ ভারতের বিয়ের এক বিশেষ রীতি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্‌টে। সেই বিতর্ক জড়িয়ে পড়েছেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশও। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকার মন্তব্যের সময়ে হেসে সায় দিয়েছিলেন কীর্তি। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই এ বার নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।

দক্ষিণ ভারতের কয়েকটি অঞ্চলে মামার সঙ্গে ভাগ্নির বিয়ের প্রচলন রয়েছে। বিশেষ করে দিদির মেয়েকে বিয়ে করার এই রীতিকে ‘মামান কল্যাণম’ বলা হয়। এমন বিয়েতে পাত্রকে ‘মুরাই মামান’ বলেও উল্লেখ করা হয়। এক সাক্ষাৎকারে দক্ষিণী ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলছিলেন রাধিকা। তখনই তিনি জানান, একটি তেলুগু ছবিতে তাঁকে পর্দায় নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল।

বিষয়টি পছন্দ হয়নি বলে জানান রাধিকা। বেশ কষ্ট করেই সেই ছবির কাজ করতে হয়েছিল নাকি তাঁকে। ছবিটিতে রাধিকার মামার চরিত্রে দেখা গিয়েছিল দক্ষিণী তারকা নন্দমুরি বালকৃষ্ণকে।