দীর্ঘ দুই বছর পর আবারও মঞ্চে ফিরছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। আগামী ১১ ডিসেম্বর মুম্বাইয়ের জিও গার্ডেনে আয়োজিত একটি সংগীতানুষ্ঠানে অংশ নেবেন তিনি। সম্প্রতি বলিউড পরিচালক সুভাষ ঘাই ভারতীয় সংবাদ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
২০২৪ সাল থেকে শ্রবণশক্তির বিরল সমস্যার কারণে গান থেকে দূরে রয়েছেন অলকা। সেনসোরিনিউরাল নার্ভ হেয়ারিং লস নামের রোগে আক্রান্ত হওয়ার কথা এক ইনস্টাগ্রাম পোস্টে নিজেই জানিয়েছিলেন এই শিল্পী। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয় ভক্ত ও সংগীতাঙ্গনে।
গত জুনে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মভূষণ সম্মাননা গ্রহণ করতে যান অলকা। সেদিন তাকে হুইলচেয়ারে করে মঞ্চে নিয়ে যেতে দেখা যায়। পুরো অনুষ্ঠানেই একজন সহকারী তাকে চলাফেরায় সহযোগিতা করেন। সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এবার অলকার মঞ্চে ফেরার খবর জানিয়েছেন পরিচালক সুভাষ ঘাই। তার আয়োজিত ‘ক্যায়া জমানা থা’ শীর্ষক সংগীতানুষ্ঠানে অংশ নেবেন গায়িকা। সম্প্রতি অলকার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন এই পরিচালক। পরে সেই সাক্ষাতের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তিনি।
সুভাষ ঘাই জানান, অলকার কণ্ঠ, উজ্জ্বলতা ও প্রাণশক্তি আগের মতোই রয়েছে। ১১ ডিসেম্বর জিও গার্ডেনে আয়োজিত তার সংগীতজীবনের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন তিনি।
সুভাষ জানান, আমন্ত্রণ জানানোর পর অলকা উঠে দাঁড়িয়ে হাসিমুখে বলেন, ‘আমি অবশ্যই আসব।’ তার এই সাড়া পেয়ে সবাই আনন্দিত হয়েছেন বলেও জানান পরিচালক।