অভিনয়ের পাশাপাশি এবার চলচ্চিত্র প্রযোজনায়ও যুক্ত হলেন চিত্রনায়িকা শবনম বুবলী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন্সের প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ জায়গা করে নিয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে নির্বাচিত হয়েছে চলচ্চিত্রটি। নতুন এই অর্জনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বুবলী। একই সঙ্গে প্রকাশ করেছেন নিজেদের প্রথম কাজের পোস্টার।
একটি পোস্টে বুবলী জানান, প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে তাঁদের এই যাত্রার শুরুতেই এমন স্বীকৃতি পাওয়া আনন্দের পাশাপাশি অনুপ্রেরণারও। সামনে আরও ভালো ও মানসম্মত কাজ দর্শকদের উপহার দিতে চান তাঁরা।
এ জন্য সবার ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন এই অভিনেত্রী। তাঁর প্রত্যাশা, দর্শকদের পাশে পাওয়া গেলে ভবিষ্যতে আরও নতুন ও ভালো কাজ নিয়ে হাজির হতে পারবেন। অভিনেত্রী হিসেবে দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করছেন বুবলী। এবার প্রযোজনায় যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিনোদনজগতে নিজের কাজের পরিধি আরও বাড়ালেন তিনি।