!

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমার নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে সিনেমাপ্রেমীদের কৌতূহলের শেষ নেই। একের পর এক অভিনেত্রীর নাম উঠে আসছে আলোচনায়। এবার সেই তালিকায় যুক্ত হলো বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানির নাম। গুঞ্জন উঠেছে, শাকিব খানের বিপরীতে নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এ দেখা যেতে পারে তাঁকে।

এই গুঞ্জনের সূত্রপাত সিনেমাটির প্রযোজক আরশাদ আদনানের একটি রহস্যময় ফেসবুক পোস্টকে ঘিরে। বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে কিয়ারা আদভানির একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিটির ক্যাপশনে মাত্র একটি শব্দ লিখেছেন—‘নেক্সট’। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।

প্রযোজকের পোস্ট করা ছবিটি ভারতীয় ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘এসকোয়ার ইন্ডিয়া’র একটি ফটোশুটের বলে জানা গেছে। ছবিতে বেইজ রঙের ক্যাপ, কমলা রঙের পোশাক ও রঙিন স্ট্রাইপের টপে দেখা গেছে কিয়ারাকে। ছবিটি প্রকাশের পর অনেকের ধারণা, শাকিবের পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে আসতে পারেন বলিউডের এই অভিনেত্রী।

হিমেল আশরাফ পরিচালিত ‘মোহাব্বাত’ সিনেমাটি ঘোষণার পর থেকেই এর নায়িকা নিয়ে নানা জল্পনা চলছে। এর আগে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী, দুর-ই-ফিশান সেলিম ও কিনজা হাশমীর নামও আলোচনায় এসেছিল। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন কিয়ারা আদভানি।

এর আগে শাকিব খান, পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান একসঙ্গে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমা উপহার দিয়েছেন। দুটি সিনেমাতেই শাকিবের বিপরীতে ছিলেন বিদেশি অভিনেত্রী। ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। অন্যদিকে ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

তাই এবারও শাকিবের বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনের কোনো পরিচিত মুখকে দেখা যেতে পারে—এমন প্রত্যাশা ছিল ভক্তদের। প্রযোজকের সাম্প্রতিক পোস্ট সেই প্রত্যাশাকে আরও উসকে দিয়েছে।

তবে কিয়ারা আদভানি ‘মোহাব্বাত’ সিনেমায় অভিনয় করছেন, নাকি প্রযোজক আরশাদ আদনানের অন্য কোনো প্রজেক্টে যুক্ত হচ্ছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো ঘোষণা আসেনি। এ বিষয়ে বিস্তারিত জানাতেও মুখ খোলেননি প্রযোজক।

সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মোহাব্বাত’। সিনেমাটিতে শেষ পর্যন্ত শাকিবের নায়িকা হিসেবে কিয়ারাকে দেখা যাবে কি না, নাকি নতুন কোনো চমক অপেক্ষা করছে—সেই উত্তর পেতে এখন নির্মাতা ও প্রযোজকের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।