মাদক সেবনের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছিলেন পুলিশ কনস্টেবল মেহেদী হাসান। এবার রাজশাহী নগরের একটি বাড়িতে মাদক সেবনের আসরে স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছেন তিনি। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আবারও ডোপ টেস্ট করা হচ্ছে তার।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের হেতেমখাঁ লিচুবাগান এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন মাদক সেবনের সময় মেহেদীকে দেখতে পেয়ে আটকে রাখেন। পরে বোয়ালিয়া থানা-পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। ওই বাড়ি থেকে মাদক সেবনের বিভিন্ন আলামতও জব্দ করা হয়।সংবাদ সাবস্ক্রিপশন

মেহেদী হাসানের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি বর্তমানে রাজশাহী নগরের ভদ্রা এলাকায় বসবাস করেন। কয়েক মাস আগে তিনি রাজশাহী জেলার চারঘাট থানায় কর্মরত ছিলেন। সে সময় তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ওঠে। পরে ডোপ টেস্টে ফল পজিটিভ আসায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাকে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত রাখা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়, যার তদন্ত এখনো চলছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, মেহেদী যে ঘরে ছিলেন, সেখানে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। তবে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। এ কারণে সরাসরি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা সম্ভব হয়নি। বিভাগীয় পুলিশ হাসপাতালে তার ডোপ টেস্ট করা হচ্ছে। পরীক্ষার ফল পজিটিভ হলে মাদক সেবনের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর ফল নেগেটিভ হলে ঘটনার বিষয়ে প্রতিবেদন দিয়ে তাকে জেলা পুলিশে পাঠানো হবে।

জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, কয়েক মাস আগে চারঘাট থানায় কর্মরত থাকার সময় মেহেদীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ওঠে। তখন ডোপ টেস্টে ফল পজিটিভ আসায় তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলার তদন্ত চলছে।

তিনি আরও বলেন, নতুন করে মাদক সেবনের আসর থেকে মেহেদী আটকের বিষয়টি তিনি শুনেছেন। রোববার সকালে তাকে পুনরায় ডোপ টেস্টের জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে। এবারও পরীক্ষার ফল পজিটিভ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।