‘কারুপ্পু’ ও ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’-এর পর এবার ‘সিন’ দিয়েও দর্শকদের সাড়া পেয়েছেন তিনি। মুক্তির আট দিনের মাথায় বিশ্বজুড়ে ২১১ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি।

গত ৬ নভেম্বর দীপাবলির আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় জিথু মাধবন পরিচালিত ক্রাইম কমেডি ‘সিন’।

বক্স অফিসের তথ্য সরবরাহকারী স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, অষ্টম দিনে (শুক্রবার) ছবিটির আয় হয়েছে ৬ কোটি রুপি। এখন পর্যন্ত এটিই সিনেমাটির এক দিনে সর্বনিম্ন আয়।

এতে আট দিনে ভারতের বাজারে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১১৭ কোটি ৭০ লাখ রুপি। ভারতের বাজারে মোট গ্রস আয় ১৩৬ কোটি ৭০ লাখ রুপি। এর মধ্যে তামিল সংস্করণ থেকে এসেছে ৯৫ কোটি ৬০ লাখ এবং তেলুগু সংস্করণ থেকে ২২ কোটি ১০ লাখ রুপি। ভারতের মধ্যে তামিলনাড়ুতেই সবচেয়ে বেশি ব্যবসা করেছে ছবিটি।

দ্বিতীয় সপ্তাহের প্রথম প্রান্তে এসে এখন সবার নজর ছবিটির পরবর্তী আয়ের দিকে। দ্বিতীয় সপ্তাহান্তে নিজেদের বাজারে আয় বাড়িয়ে ১৫০ কোটি রুপির মাইলফলক পেরোতে পারে কি না, সেটিই দেখার অপেক্ষা। যদিও বিশ্বব্যাপী সিনেমাটির আয় ২১১ কোটি রুপি ছাড়িয়েছে।

এদিকে বলা হচ্ছে, সুরিয়ার আগের সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’-এর ১২২ কোটি ৫৪ লাখ এবং ‘কারুপ্পু’র ১৯৮ কোটি ১৮ লাখ রুপির মোট আয়ের রেকর্ড ছাড়ানোর লক্ষ্যেও এগোচ্ছে ‘সিন’।

ছবিতে সুরিয়াকে দেখা গেছে পুলিশ কর্মকর্তা ডিএসপি ইনবারাজের চরিত্রে। দৃষ্টিশক্তি ক্রমেই কমে আসায় সক্রিয় পুলিশি দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য হন তিনি। তবে একের পর এক হত্যাকাণ্ডের রহস্য সমাধানে চেষ্টা চালিয়ে যান। ছবিতে আরও অভিনয় করেছেন নজরিয়া নাজিম ও নাসলেন। বিশেষ চরিত্রে দেখা গেছে জ্যোতিকাকে।

এদিকে ছবিটির সিক্যুয়েল নির্মাণের গুঞ্জন নাকচ করে দিয়েছেন পরিচালক জিথু মাধবন। মুক্তির পর অ্যাটলি ও মহেশ বাবুও ছবিটির প্রশংসা করেছেন এবং এটি দর্শকদের দেখা উচিত বলে মন্তব্য করেছেন।