এতিম শিশুদের অনেকেরই বেড়ে ওঠার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় খাদ্য, শিক্ষা ও চিকিৎসার ব্যয়। মৌলিক এসব চাহিদা পূরণে রাজশাহীর পবা উপজেলার ১২১ জন এতিম শিশুর পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা গ্লোবাল ওয়ান বাংলাদেশ। সংস্থাটির ‘অরফানকেয়ার প্রজেক্ট’-এর আওতায় শিশুদের খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ত্রৈমাসিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, গ্লোবাল ওয়ান বাংলাদেশ যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী অঞ্চলে নারী, শিশু, প্রবীণ ও সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পবা উপজেলার ১২১ জন এতিম শিশুর খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে সংস্থাটির এই উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর এমন মানবিক কার্যক্রম সমাজের অন্য প্রতিষ্ঠানগুলোকেও উৎসাহিত করবে। 

এমপি মিলন আরও বলেন, পরিবারের চরম সংকটের মধ্যেও মা ও বোনেরা এতিম সন্তানদের বাঁচিয়ে রাখতে সবচেয়ে বেশি সংগ্রাম করেন। তাঁদের এই আত্মত্যাগের কোনো তুলনা হয় না। তাই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া অনুদান ও সহায়তার সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে শিশুদের যত্নের সঙ্গে গড়ে তুলতে হবে। তাদের শিক্ষা, পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতের জন্য যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব সবাইকে নিতে হবে।

সংসদ সদস্য মিলন আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের সুরক্ষা এবং জীবনযাত্রার মান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের পরিধি বাড়ানো জরুরি। শুধু পবা উপজেলায় সীমাবদ্ধ না রেখে পর্যায়ক্রমে পুরো রাজশাহী জেলায় এসব কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দাতব্য প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব কর্মসূচির আওতায় আনতে হবে। এতে সহায়তার সুফল আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় একটি স্বাবলম্বী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ওয়ানের বোর্ড ডিরেক্টর আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন এবং গ্লোবাল ওয়ান বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মো. রমজান আলী। অনুষ্ঠানে ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তৃতীয় ত্রৈমাসিকের খাদ্য ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় প্রত্যেক শিশুর পড়াশোনার খরচ মেটাতে ১ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি শিশুর পরিবারের জন্য ২৫ কেজি চাল, ৩ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা, ৩ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, দেড় কেজি লবণ, ৩ কেজি চিনি, ৫০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম হরলিক্স ও দুই বক্স বিস্কুট দেওয়া হয়। এ ছাড়া শিশুদের হাতে ছয়টি করে খাতা, ছয়টি কলম, এক প্যাকেট রঙিন পেনসিল, তিনটি গোসলের সাবান ও তিনটি কাপড় কাচার সাবান তুলে দেওয়া হয়। অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে শিশুদের বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবার ব্যবস্থাও করা হয়।

গ্লোবাল ওয়ান বাংলাদেশ জানায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং নিরাপদ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। শিশুদের নিয়মিত পড়াশোনা অব্যাহত রাখা এবং তাদের জীবনমান উন্নয়নে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সহায়তা বিতরণ শেষে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশুরা আনন্দঘন পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।