‘ডায়াবেটিস দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নাটোরে র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নাটোর সদর হাসপাতাল চত্বর থেকে নাটোর ডায়াবেটিস সমিতির উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর হাসপাতালে গিয়ে শেষ হয়।
পরে হাসপাতাল চত্বরে ডায়াবেটিস সমিতির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাটোর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মো. মখলেছুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসকের রুটিন দায়িত্বে থাকা নুরুল হাই মোহাম্মদ আনাছ, চিকিৎসক মো. আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার বাচ্চা, সিনিয়র সাংবাদিক জুলফিকার হায়দর জোসেফসহ ডায়াবেটিস সমিতির সদস্যরা।
বক্তারা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম ও চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই রোগ শনাক্ত হওয়ার পর অবহেলা না করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এদিকে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নাটোর ডায়াবেটিস সমিতির উদ্যোগে শহরের কানাইখালী, স্টেশন বাজারসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
দিবসটি ঘিরে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং রোগ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।