রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান ও অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী রয়েছেন। অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে মতিহার থানা পুলিশ কাজলা পুরাতন বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে নাদিম মোস্তফা ওরফে মানিক (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি কাজলা বিলপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা সাতটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

অন্যদিকে, একই দিন বিকেল সোয়া ৫টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় দামকুড়া থানার জোতরাবন গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইয়ামিন (২০)-এর কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই গ্রামের মানিক হোসেনের ছেলে রাশেদ আলী ছোটন (২১)-কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এদিকে, রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত দুইজন, মাদক মামলায় তিনজন এবং অন্যান্য মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।