নিজ বাড়িতে রাখা মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন। শখ করে সেটির নামও রেখেছিলেন ‘ফিওনা’। কিন্তু সেই ম্যানিকুইনই নাকি মাঝেমধ্যে নিজে থেকে জায়গা বদলে ফেলত! এমন অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রুতি হাসান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, শেষ পর্যন্ত ম্যানিকুইনটি খুলে ফেলতে বাধ্য হন তিনি।

বাড়ির পরিবেশ স্বাভাবিক করতে পালন করেন বিশেষ কিছু ধর্মীয় আচারও। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী।

শ্রুতির ভাষ্য, কিছু কিছু জায়গার অস্বাভাবিক শক্তি কিংবা পরিবেশ তিনি অনুভব করতে পারেন। চেন্নাইয়ের বাড়িতে এমন কিছু অনুভব না করলেও মুম্বাইয়ের বাড়িতে মাঝেমধ্যেই অস্বাভাবিক কিছু একটা মনে হতো তার। সেই বাড়িতেই রাখা ছিল মানুষের সমান উচ্চতার ম্যানিকুইনটি। শ্রুতি জানান, একটি বাড়তি পোশাক আলমারিতে রাখার জায়গা না থাকায় সেটি ম্যানিকুইনের গায়ে পরিয়ে রেখেছিলেন। এমনকি বন্ধুরা বাড়িতে এলে মজা করে ফিওনার সঙ্গে কথাও বলতেন তারা।

তবে কিছুদিন পর থেকেই ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। অভিনেত্রীর দাবি, ম্যানিকুইনটি নিজে থেকেই জায়গা বদলাত। বিষয়টি ক্রমেই অস্বস্তিকর হয়ে ওঠে তার কাছে। এ সময় ২০০৭ সালে মুক্তি পাওয়া হলিউড সিনেমা ‘আই অ্যাম লেজেন্ড’-এর কথাও মনে পড়ে যায় শ্রুতির। ওই সিনেমাতেও ম্যানিকুইনকে ঘিরে রহস্যময় ঘটনা দেখানো হয়েছিল।

শেষ পর্যন্ত আর ঝুঁকি নিতে চাননি অভিনেত্রী। ম্যানিকুইনটি খুলে ফেলার সিদ্ধান্ত নেন তিনি। শ্রুতির ভাষায়, ‘ওটাকে খুলে ফেলে দিই। একেবারে ফেলেই দিই।’

এরপর বাড়ির পরিবেশ শান্ত করতে হনুমান চালিসা শুনতেন বলে জানান শ্রুতি। হাতে নুন নিয়েও কিছু ধর্মীয় আচার পালন করেন তিনি। এমনকি পুরো বাড়িটি কার্যত বন্ধ করে রেখেছিলেন। অভিনেত্রীর দাবি, এসব করার পর থেকেই বাড়ির পরিবেশ শান্ত রয়েছে।