চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় ভারতীয় নেশার উইন ক্র্যাক্স কফ সিরাপ ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি। তবে অভিযানে কাওকে আটক করতে পারেনি ৫৯ বিজিবি। রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এই তথ্য জানান মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির মিডিয়া সেল।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল কাজী আল আমিন অপু বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের চামুচা বিওপির একটি বিশেষ টহল দল শনিবার দিবাগত গভীর রাত আড়াইটায় রোববার সীমান্ত পিলার ১৯৬/৬-এস হতে ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের মাগুরা মাঠ ধানক্ষেতে অভিযান পরিচালনা করে। 

এ সময় টহল দল মালিক বিহীন ৪০ হাজার টাকার ৫০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল এবং ৩০ বোতল ভারতীয় নেশার উইন ক্র্যাক্স কফ সিরাপ জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং সকল প্রকার চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধিনায়ক। ##