চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সামাজিক ও নাগরিক উদ্যোগ ‘পিঁপড়া’র আয়োজনে কানসাট সুইচ গেট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
‘একটি সুন্দর সমাজ গড়তে আপনার অংশগ্রহণই আমাদের শক্তি’—স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কার্যক্রমের লক্ষ্য কানসাট এলাকাকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তোলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব শহিদুজ্জামান শিশির, মোকরাম হোসেন শিপুল, মো. ফয়সাল, মো. নাসির, মো. রজব, মো. তৌহিদুল ইসলাম, মো. ইদি আমিন বাবু, শ্রী প্রিতম সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তোলা কোনো ব্যক্তি বা সংগঠনের একার দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। এ উদ্যোগ সফল করতে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতা প্রয়োজন।
সচেতন নাগরিক ও সিনিয়র সাংবাদিক আহসান হাবিব বলেন, ‘পিঁপড়া’ সংগঠনের উদ্যোগে কানসাট সুইচ গেট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ এলাকার পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ কার্যক্রম অব্যাহত রাখতে স্থানীয় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আয়োজকরা জানান, কানসাটের পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও এলাকার সৌন্দর্যবর্ধনে ধারাবাহিকভাবে সম্মিলিত উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে তাদের।