রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আদালতে নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল আনুমানিক তিনটার দিকে তাকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফার আদালতে হাজির করা হয়।

পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিটের (সিআরইউ) কড়া নিরাপত্তায় একটি দল মাইক্রোবাসে করে তাকে আদালতে নিয়ে আসে।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের সিএমপির অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাংগীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। সেদিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। পরদিন বুধবার (১১ নভেম্বর) তাকে আটকের গুঞ্জন ছড়িয়ে পড়লে তখন তা অস্বীকার করে ডিআইজি জানিয়েছিলেন, অভিযোগের ভিত্তিতে ওই কর্মকর্তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

জাহাংগীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।