রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।

রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিএন্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা।

তিনি টিএন্ডটি কলোনির স্যাটেলাইট গেটে ইসলাম নামে এক ব্যক্তির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার স্থায়ী ঠিকানা ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রাম।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।