নওগাঁর পোরশা-নওগাঁ আঞ্চলিক সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে জঙ্গল ও ঝোপঝাড় বেড়ে যাওয়ায় যানবাহন চলাচলে ঝুঁকি বাড়ছে।
এর পাশাপাশি কোথাও কোথাও সড়কের অংশে বাঁশের বেড়া দিয়ে ফসল চাষ করায় পথ সংকুচিত হয়ে পড়েছে। এতে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
বিশেষ করে সড়কের পাশের ঘন জঙ্গল থেকে শিয়ালসহ বিভিন্ন বন্যপ্রাণী হঠাৎ সড়কে উঠে আসায় ঝুঁকি আরও বাড়ছে। রাতের বেলায় দ্রুতগতিতে চলাচলকারী যানবাহনের সামনে হঠাৎ শিয়াল বা অন্য কোনো প্রাণী চলে এলে চালকদের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও যানবাহনের চালকদের অভিযোগ, সড়কের দুই পাশের ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার না করায় অনেক জায়গায় সড়কের পাশের দৃশ্যমানতা কমে গেছে। এর মধ্যে সড়কের ওপর বা সড়কের অংশবিশেষ ঘিরে বাঁশের বেড়া দিয়ে ফসল চাষ করায় যানবাহন চলাচলের জায়গাও সংকুচিত হচ্ছে।
স্থানীয়দের দাবি, এর আগেও শিয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপরও সড়কের দুই পাশের জঙ্গল পরিষ্কার এবং সড়কের ওপর বাঁশের বেড়া দিয়ে চাষাবাদ বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় একই ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সড়কের বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। তবে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয়রা বলছেন, গুরুত্বপূর্ণ এ সড়কের দুই পাশের জঙ্গল ও ঝোপঝাড় দ্রুত পরিষ্কার করার পাশাপাশি সড়কের জায়গা দখল করে বাঁশের বেড়া দিয়ে চাষাবাদ বন্ধ করা প্রয়োজন। এতে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ও নিরাপদ হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমবে।
জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সড়কের দুই পাশের জঙ্গল পরিষ্কার, অবৈধভাবে সড়কের জায়গা ব্যবহার বন্ধ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।