ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় শেখ শিহাব উদ্দিন ওরফে অনিক (৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর প্যারামেডিকেল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ। অনিক চণ্ডীপুর গ্রামের বাবর উদ্দিন শেখের ছেলে।
পুলিশ জানায়, গত ১৫ নভেম্বর রাজপাড়া থানায় বিস্ফোরক আইনের ৩/৪/৬ ধারায় দায়ের করা ১৯ নম্বর মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মীকে একটি অ্যাপের মাধ্যমে সংগঠিত করে লক্ষ্মীপুর প্যারামেডিকেল কলেজের সামনে জড়ো করা হয়। পরে তাঁরা প্রায় দুই মিনিটের একটি ঝটিকা মিছিল বের করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
গ্রেপ্তার অনিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।