রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হেলেন (৪৮) নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন। তিনি ওই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ পুলিশের।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নবগঙ্গা গ্রামের হেলেনের বসতবাড়িতে অভিযান চালায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। হেলেন ওই গ্রামের মো. আ. মজিদের ছেলে।

পুলিশ জানায়, অভিযানের সময় হেলেন কৌশলে পালিয়ে গেলেও তাঁর স্ত্রী মোসা. লাইলা বেগম (৪৪), দামকুড়া থানার চর মাঝারদিয়া গ্রামের মো. মাইনুদ্দিন ওরফে কালুর ছেলে মো. নাইম (২৩) এবং মো. শহিদ ইসলামের ছেলে মো. রাকিব ইসলামকে (২০) গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার হওয়া লাইলা বেগমের দেখানো মতে হেলেনের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বিক্রির উদ্দেশ্যে রাখা ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পলাতক হেলেন ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসা করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক হেলেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।