‘জনগণের পাশে, জনগণের সঙ্গে—আগামীর সুন্দর নলডাঙ্গা গড়ার প্রত্যয়ে’ স্লোগানকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গা পৌরসভার সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় ও চা-চক্রে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মাওলানা জিয়াউল হক জিয়া।
জিয়ার আয়োজিত এ চা-চক্রে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সুখ-দুঃখ, নাগরিক প্রত্যাশা, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।
মতবিনিময়কালে ড. অধ্যাপক মাওলানা জিয়াউল হক জিয়া বলেন, নলডাঙ্গা পৌরসভার উন্নয়ন ও জনকল্যাণে জনগণের মতামত, পরামর্শ এবং সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের পাশে থেকে, মানুষের কথা শুনে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নলডাঙ্গা গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে সামনের পথ এগিয়ে যেতে চান। পৌরবাসীর প্রত্যাশা ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জনসম্পৃক্ততার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
চা-চক্রটি ছিল স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, পারস্পরিক মতবিনিময় এবং পৌরসভার ভবিষ্যৎ নিয়ে ভাবনা ও প্রত্যাশা তুলে ধরার একটি আয়োজন।