নওগাঁর পোরশায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় জোরদার করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় পোরশা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল আমিন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

সভায় সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা (এসডিডিবি) আগষ্টিন রাতিয়া নুনিয়া। তিনি সভায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয়ের গুরুত্ব এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ, তথ্য বিনিময় ও সমন্বয় বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে জনগণের প্রয়োজন ও সমস্যা চিহ্নিত করে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাটি সঞ্চালনা করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক এনিমেটর (টিসিআরপি) লিনা বিশ্বাস। সার্বিক সহযোগিতায় ছিলেন সংশ্লিষ্ট প্রকল্পের কর্মী ও কর্মকর্তারা।