‘স্থানীয় জাতের প্রাণিসম্পদ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে শুরু হয়েছে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন কার্যক্রম। এ উপলক্ষে জেলায় আয়োজন করা হয়েছে প্রাণিসম্পদ মেলা।

 মেলায় ২০টি স্টলে প্রদর্শন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির প্রাণী, আধুনিক প্রযুক্তি ও প্রাণিসম্পদ খাতের উৎপাদনসংশ্লিষ্ট নানা উপকরণ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির সূচনা হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল, বাংলাদেশ ডেইরি অ্যাসোসিয়েশন নাটোর জেলা শাখার সভাপতি কেতাব আলী ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান।

বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, স্থানীয় জাত সংরক্ষণ এবং গবাদিপশু ও পোলট্রি উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও খামারিদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রাণিসম্পদ মেলার স্টলগুলো পরিদর্শন করা হয়। মেলায় ২০টি স্টলে বিভিন্ন জাতের গবাদিপশু, পাখি ও অন্যান্য প্রাণীর পাশাপাশি প্রাণিসম্পদ উৎপাদনে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও উপকরণ প্রদর্শন করা হচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি খামারি, উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে আধুনিক পশুপালন সম্পর্কে সচেতনতা বাড়বে।