রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মো. আবু বক্কর ছিদ্দিক বক্কারের (৫২) জানাজা নামাজ অশ্রুসিক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে স্থানীয় জমিদার ব্রিজ কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজের আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাঈম আনসারি, সাবেক যুগ্ম সম্পাদক কেএ সবুর শাহীন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্যসচিব মো. নাজিরুল ইসলাম তিতাস এবং রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নোমান।
এছাড়াও জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাজায় অংশ নেওয়া মানুষের মধ্যে শোক ও বেদনার আবহ বিরাজ করে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে এসে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
মো. আবু বক্কর ছিদ্দিক দীর্ঘদিন গোয়ালন্দ উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি নবগঠিত উপজেলা কৃষক দলের সভাপতির দায়িত্ব পান তিনি। তাঁর বাড়ি গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ওলিমদ্দিন সরদার পাড়ায়। তিনি মৃত ওলিমদ্দিন সরদারের ছেলে। ছয় ভাই-বোনের মধ্যে তিনিই ছিলেন সবার বড়।
পারিবারিক সূত্র জানায়, গত ২২ নভেম্বর বিকেলে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন আবু বক্কর ছিদ্দিক। প্রথমে তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার আরও অবনতি হলে বুধবার (২৫ নভেম্বর) সকালে তাঁকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যা ৭টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আবু বক্কর ছিদ্দিকের মৃত্যুতে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ভাই, চার বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।