‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, হাঁস-মুরগি ও গরুর খামার করে অনেক মানুষ স্বাবলম্বী হয়েছেন। প্রাণিসম্পদ খাতের মাধ্যমে মানুষের কর্মসংস্থান ও আয় বাড়ার পাশাপাশি ডিম, দুধ ও মাংসের মতো আমিষজাতীয় খাদ্যের চাহিদাও পূরণ হচ্ছে। এ খাতকে আরও এগিয়ে নিতে সরকারি সহায়তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, প্রাণিসম্পদ বর্তমানে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। একসময় চিকিৎসাসেবার অভাবে অনেক খামারি পশু-পাখি নিয়ে বিপাকে পড়তেন। ফলে মানুষ খামার করতে ভয় পেতেন। বর্তমানে হাতের নাগালে প্রাণিসম্পদের চিকিৎসা ও পরামর্শসেবা পাওয়ায় পোরশায় দিন দিন বড় বড় খামার গড়ে উঠছে।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে খামারিদের নিয়মিত চিকিৎসা, টিকাদান ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। এর ফলে এ উপজেলায় প্রাণিসম্পদ খাতে মানুষের আগ্রহও বাড়ছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম গামা, নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) আখতারুজ্জামান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গোপাল চন্দ্র দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় খামারিরা।
সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং নিরাপদ আমিষ উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।