মধুমতি ও ঘাঘর নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা গোপালগঞ্জ একসময় ছিল ব্যবসা-বাণিজ্য ও জনবসতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী, বর্তমান গোপালগঞ্জ শহর একসময় ‘রাজগঞ্জ’ বাজার নামে পরিচিত ছিল। প্রাচীনকালে এই অঞ্চল বৃহত্তর জালালপুর পরগনার অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী সময়ে ব্রিটিশ শাসনামলে এলাকাটির বিভিন্ন অংশ মাকিমপুর স্টেট ও খাটরা এস্টেটের জমিদারদের অধীনে আসে।

গোপালগঞ্জ নামকরণের সবচেয়ে প্রচলিত ইতিহাস জড়িয়ে রয়েছে জমিদার রানী রাসমণির পরিবারের সঙ্গে। জনশ্রুতি ও প্রচলিত ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, সিপাহী বিদ্রোহের সময় রানী রাসমণি এক ইংরেজ সাহেবের প্রাণ রক্ষা করেছিলেন। এর পুরস্কার হিসেবে ব্রিটিশ সরকার তাঁকে মাকিমপুর অঞ্চলের জমিদারি প্রদান করে।

পরবর্তী সময়ে রানী রাসমণির বড় ছেলে গণেশ জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। কথিত আছে, রানীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে খাটরা এস্টেটের প্রজারা রাজগঞ্জ বাজারের নাম পরিবর্তনের উদ্যোগ নেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে রানী রাসমণির নাতি এবং গণেশের একমাত্র ছেলে নবগোপালের নাম অনুসারে বাজারটির নতুন নামকরণের সিদ্ধান্ত হয়।

এভাবেই নবগোপালের নামের ‘গোপাল’ এবং পুরোনো রাজগঞ্জের ‘গঞ্জ’ শব্দ মিলিয়ে তৈরি হয় ‘গোপালগঞ্জ’। সময়ের পরিক্রমায় এই নামেই পরিচিতি পায় পুরো জনপদ। পরবর্তীকালে প্রশাসনিক ও ভৌগোলিক বিকাশের মধ্য দিয়ে গোপালগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শহর এবং জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

তবে নবগোপালের নামানুসারে গোপালগঞ্জের নামকরণের বিষয়টি সবচেয়ে বেশি প্রচলিত হলেও এ নিয়ে ভিন্নমত ও একাধিক জনশ্রুতিও রয়েছে।

আরেকটি মত অনুযায়ী, ষষ্ঠ শতকে এ অঞ্চলে গোপচন্দ্র নামে এক প্রতাপশালী রাজা রাজত্ব করতেন। তাঁর রাজধানী ছিল বর্তমান কোটালীপাড়া এলাকায়। স্থানীয় ইতিহাসের একটি বর্ণনায় বলা হয়, রাজা গোপচন্দ্রের নাম থেকেই গোপালগঞ্জ নামের উৎপত্তি হতে পারে।

এ ছাড়া নবাবি আমলে এ অঞ্চলে গোপাল রায় নামে একজন প্রভাবশালী জমিদার ছিলেন বলেও স্থানীয়ভাবে একটি ধারণা প্রচলিত রয়েছে। কারও কারও মতে, তাঁর নামের সঙ্গে মিল রেখেই এলাকার নাম হয়েছে গোপালগঞ্জ।