রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নামকরণ নিয়ে সুনির্দিষ্ট ও সর্বজনগ্রাহ্য কোনো তিহাসিক দলিল নেই। তবে স্থানীয় জনশ্রুতি ও ঐতিহাসিক অনুমানের ভিত্তিতে প্রধানত
কয়েকটি প্রচলিত মত রয়েছে
শ্রী গোদাধর ও গরুর গাড়ি
শ্রীচৈতন্যের ভাবশিষ্য শ্রী গোদাধর প্রতি পূর্ণিমায় গরুর গাড়িতে চড়ে এই এলাকায় স্নান করতে আসতেন। মানুষের মুখে মুখে তখন এ নিয়ে কথা উঠত—“কার গাড়ি যায়?” উত্তরে বলা হতো, “গোদার গাড়ি”। সেখান থেকেই পরবর্তী সময়ে অঞ্চলটির নাম ‘গোদাগাড়ী’ হয়েছে বলে একটি জনশ্রুতি আছে।
নবাব আলীবর্দী খাঁ ও কেল্লা বাড়ি
নবাব আলীবর্দী খাঁ মারাঠা বর্গীদের আক্রমণ থেকে বাঁচতে পদ্মা তীরবর্তী বারুইপাড়ায় একটি কেল্লা ও শিবির নির্মাণ করেছিলেন। ফার্সি শব্দ ‘গোদা’ (দেহ, তনু বা কায়া) এবং আরবি শব্দ ‘গারী’ (রক্ষা করা) মিলে ‘গোদাগারী’ শব্দের অর্থ দাঁড়ায় ‘নিরাপদ বা সুরক্ষিত স্থান’। পরিবার ও সম্পদ রক্ষার সেই কেল্লা বা নিরাপদ আশ্রয়স্থলের ধারণা থেকেই নামটি এসেছে বলে অনেকে মনে করেন।
ধোপা গোদাবারি
কারও কারও মতে, অতীতে এ অঞ্চলে ‘গোদাবারি’ নামের এক প্রভাবশালী ধোপা বসবাস করতেন। তাঁর স্ত্রী ব্যভিচারিণী হওয়ায় ধোপা গোদাবারি তাঁকে কাদায় পুঁতে বা গেড়ে ফেলেন। এই ‘গোদা কর্তৃক কাউকে গেড়ে ফেলা’ থেকে ‘গোদাগাড়ী’ নামের উৎপত্তি হয়েছে বলেও একটি প্রচলন রয়েছে।
ভৌগোলিক বিশ্লেষণ
অনেকের মতে, ‘গোটা’ (বা গোদা - যার অর্থ বিশাল বা বৃহৎ) এবং ‘গাড়ী’ (বা নদীর পাড়/জলাশয়) শব্দ দুটি মিলে ‘বৃহৎ নদীর পাড়’ অর্থে গোদাগাড়ী নামকরণ হতে পারে।