পাবনার ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ)-এর উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালনা কমিটির সভাপতি ড. এম এ জাহিদ হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন আদাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসার আলী, পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী, ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ইনচার্জ ফাতেমা খাতুন এবং ফিল্ড কো-অর্ডিনেটর মনিরুজ্জামান ফারুকসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে ভাব বাংলাদেশের প্রকল্পভুক্ত উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান—আদাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়, পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া কম্পিউটার অপারেশন লেভেল-২ কোর্সের পাঁচজন দক্ষ শিক্ষার্থীকে প্রশিক্ষণ বৃত্তি দেওয়া হয়।
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং কারিগরি শিক্ষার প্রসারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।