২০পিস ইয়াবা ট্যাবলেটসহ খালিদ হাসান ওরফে আলাল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। একই দিন মহানগরীর বিভিন্ন স্থানে পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নিউ মার্কেটের পেছনে খন্দকার মার্কেটের দ্বিতীয় তলায় একটি দোকানে অভিযান চালিয়ে আলালকে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্ব রায়পাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, অভিযানে আলালের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় আলালের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে, আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১১ জন, মাদক মামলায় পাঁচজন এবং অন্যান্য মামলায় পাঁচজন রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।