পঞ্চগড়ের দেবীগঞ্জে নদী ও সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় ইউসুফ আলী (৩০) নামে এক যুবককে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইউসুফ আলী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে দেবীগঞ্জ ইউনিয়নের মোড়াতল্লী বাজারে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় আহত ইউসুফকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই রাতে তিনি থানায় লিখিত অভিযোগ জমা দেন।
ভুক্তভোগী ইউসুফ আলী দেবীগঞ্জ ইউনিয়নের উপেনচৌকি ভাজনী আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা।
অভিযুক্তরা হলেন: উপজেলার পূর্বদেবীডুবা নাজিরনপাড়া গ্রামের রবিউল ইসলাম (৩১), চর তিস্তাপাড়ার রাকিব ইসলাম (২২), চর ঢাকাইয়াপাড়ার শহিদুল ইসলাম ওরফে সৈয়দ আলী (২৬), সবুজপাড়ার বাবু ইসলাম (৩৩), জাকির হোসেন (৫৫), সরকারপাড়ার আবু কালাম (৩৫), মোড়াতল্লীর শাহা আলম (২২), মালেক (২২)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, ঘটনার দিন রাতে মোড়াতল্লী বাজারে ইউসুফকে ঘিরে ধরে অভিযুক্তরা গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে তাঁকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। এতে তাঁর মাথা, বাম হাতের বাহু, পিঠ, কোমর ও বাম হাঁটুতে আঘাত লাগে।
একপর্যায়ে মাটিতে পড়ে গেলে একজন তাঁর বুকের ওপর বসে দুই হাত দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ করেছেন ইউসুফ। এ সময় তাঁর প্যান্টের পকেটে থাকা ২৭ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী ইউসুফ আলী বলেন, রাঙ্গাপানি সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।
এর প্রতিবাদ করার পাশাপাশি বালু উত্তোলনের ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করায় আমার ওপর হামলা চালানো হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে একা পেলে মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ভিন্ন বক্তব্য দিয়েছেন অভিযুক্তদের একজন বাবু ইসলাম। তিনি বলেন, ইউসুফের আচরণে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন তাঁকে মারধর করেছেন।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।