ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য সহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৫ নভেম্বর নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক ধামেরঘাট বিওপির একটি টহল দল হাবিলদার মো. জহুরুল হকের নেতৃত্বে পঞ্চগড় সদর থানাধীন খালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্তের মেইন পিলার ৭৬৮ এর ৩৯ সাব পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি ভারতীয় বকনা গরু আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৬০ হাজার টাকা।
এবিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ক্ষেত্রে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।