১৪৯ গ্রাম গাঁজা, ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১৭ হাজার ৩২০ টাকা নগদ অর্থসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে মহানগরীর লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজপাড়া থানার লক্ষীপুর (ভাটাপাড়া) গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মো. শাহজাহান (৩০) এবং নওগাঁর মান্দা থানার পিরুলী বিলদুবলা গ্রামের মো. সোলেমান প্রামানিকের ছেলে মো. মিলন প্রামানিক (৩৫)। মিলন বর্তমানে বোয়ালিয়া থানার বালিয়াপুকুর (ছোটবটতলা) এলাকায় বসবাস করেন।

আরএমপির স্পেশাল টিমের সহায়তায় মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে রাজপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ সময় শাহজাহানের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৪৯ গ্রাম গাঁজা ও ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার দুজন পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।