রাজশাহীর বাগমারায় দুঃস্থ, অসহায়, অসুস্থ ও গৃহহীন ব্যক্তিদের মাঝে বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা এগারোটা সময় ভবানীগঞ্জ-ক্লিনিকের দ্বিতীয় তলায় এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এমপির ব্যক্তিগত সহকারী শাহীন আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ, অসহায়, অসুস্থ ও গৃহহীন ৫০ জন ব্যক্তিদের মাঝে ১০-হাজার টাকা করে মোট ৫-লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার। 

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলার জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম। ভবানীগঞ্জ পৌরসভার আমির আশরাফুল ইসলাম আশিক, কাঁচারী কোয়ালীপাড়া ইউনিয়নের জামায়াতের আমির ও জামাত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম, বাগমারা উপজেলার স্মার্ট টিমের পরিচালক আব্দুল গাফফার প্রমূখ। 

চেক বিতরণ অনুষ্ঠানে  সাংসদ ডাঃ আব্দুল বারী বলেন, বিগত দিনে দুঃস্থ অসহায় মানুষদের সরকারী অনুদানের এই চেক নিতে হলেও অনেক নেতা-কর্মিকে দিতে হয়েছে ঘুষের টাকা। এমন কি একজন দুঃস্থ মানুষকে অনুষ্ঠানের মাধ্যমে চেক প্রদান করা হলেও পরে ফেরত নেওয়া হয়েছে সেই চেক। তাই আগামী স্থানীয় নির্বাচনে একজন সৎ যোগ্য আদর্শবান চেয়ারম্যান প্রার্থী দেখে বুঝে তাকে ভোট দেয়ার আহ্বান জানান। 

তিনি আরও বলেন, সরকারি অনুদানের চেক পেতে এক টাকাও ঘুষ দেওয়া লাগেনা, যারা এর সঠিক প্রাপ্যদার তারা এমনিতেই সরকারি অনুদান পাবেন তাই কোনো নেতা-কর্মির হাতে এক টাকাও না-দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।