গাজীপুরের শিল্পাঞ্চল টঙ্গীতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশ বক্সে আগুন দেওয়াসহ কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুর চালিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। শ্রমিক অসন্তোষের আশঙ্কায় আজও টঙ্গী এলাকার অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর শালিকচূড়া ও গাজীপুরা এলাকায় কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুর চালান বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে তারা গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকদের মধ্যে ছত্রভঙ্গের ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হন।
এদিকে, শ্রমিক অসন্তোষের আশঙ্কায় দুপুরের পর কয়েক ধাপে টঙ্গী শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়। এর আগে সকালে যথাসময়ে কাজে যোগ দিয়েছিলেন শ্রমিকরা। তবে গাজীপুরে চলমান আন্দোলনের প্রভাব টঙ্গীতে ছড়িয়ে পড়া ঠেকাতে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
পরে পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টঙ্গীর বিভিন্ন পোশাক কারখানার সামনে পুলিশের টহল ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।