উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান সংকটের সমাধান না হওয়ায় আবারো ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে এ কর্মসূচি শুরু হবে। সংকট সমাধান না হওয়া পর্যন্ত সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।


বুধবার (২৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চলমান আন্দোলন আরো জোরদার করার লক্ষ্যে সভা শেষে শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন।

শিক্ষার্থীদের ঘোষণায় বলা হয়, গত দুই মাসের বেশি সময় ধরে উপাচার্য ইস্যুতে আন্দোলন চলছে। এ সময়ে বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গেছেন। কিন্তু, বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও স্থায়ী কোনো সমাধান আসেনি। এতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে সাধারণ শিক্ষার্থীদের ওপর। এ পরিস্থিতিতে সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।


চুয়েট যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস জানান, গত দুই মাস ধরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু, সংকট সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাই সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিক্রমে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। স্থায়ী সমাধান না আসা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

এদিকে, কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।

চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থানে অনড় থাকব।”

চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আহসান উল্লাহ বলেন, “একটি বিশ্ববিদ্যালয় এভাবে চলতে পারে না। চুয়েটের অচলাবস্থা আর দীর্ঘায়িত হওয়া উচিত নয়। দ্রুততম সময়ের মধ্যে এ পরিস্থিতির সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। চুয়েটে ৯৫ জন অধ্যাপক আছেন। সরকার চাইলে অধ্যাপক সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করতে পারে, আবার চুয়েট থেকেও নতুন কাউকে দিতে পারে। তারাও প্রশাসনিক কাজে দক্ষ ও অভিজ্ঞ। আমরা চাই দ্রুত এই সংকটের সমাধান হোক। আমাদের এখন মূল দাবি, চুয়েট থেকেই যেন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।”

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হয়। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হয়েছিল।  উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকে। এবার প্রায় এক মাসের ব্যবধানে আবারো কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করলেন শিক্ষার্থীরা।