বাংলাদেশকে অশান্ত করার জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।
তিনি বলেন, ভারতের নানা প্রেসক্রিপশন নিয়ে আওয়ামী লীগ দেশে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের কর্মকাণ্ড চালানোর চেষ্টা হচ্ছে। তবে রাজবাড়ীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের কোনো সুযোগ দেওয়া হবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট চত্বরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী গণমিছিল শেষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগের নেতা বন্ধুরা, আমার কথা কান পেতে শুনুন। ৫ আগস্টের পর কাজী কেরামত আলী (আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য) জেলে। ব্যক্তিগতভাবে আমি প্রতিশোধপরায়ণ মানুষ নই। আমি প্রতিশোধের পক্ষে নই, ক্ষমা করার পক্ষে। কিন্তু কাজী কেরামত জাতীয় রাজনীতির তালে পড়ে আজ জেলে আছেন।’
তিনি বলেন, ‘রাজবাড়ীতে কে সন্ত্রাস করার চেষ্টা করবেন, কে কোন জায়গায় কী করেন, সমস্ত তথ্য প্রশাসনের কাছে যেমন আছে, আমাদের কাছেও আছে। রাজবাড়ীতে যারা সন্ত্রাস করার চেষ্টা করেছেন, তাদের প্রত্যেককে আমরা ক্ষমা করে দিয়েছিলাম। কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি জীবনে কোনো নেতাকর্মীকে ধরে নিয়ে যাওয়া, মারধর করা কিংবা জেলে দেওয়ার নির্দেশ দিইনি। কেউ বলতে পারবেন না, আমি কাউকে ধরতে বা জেলে দিতে বলেছি। ডিসি, ওসি কিংবা এসপিও বলতে পারবেন না। আইন তার নিজস্ব গতিতে চলবে।’
তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে সারা বাংলাদেশকে নস্যাৎ করার চেষ্টা চলছে। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে আর নরম থাকার সুযোগ থাকবে না। নেতাকর্মীদের এলাকায় গিয়ে সংশ্লিষ্টদের পরিবারের সঙ্গে কথা বলে বোঝানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে ফিরে আসবে না উল্লেখ করে দলটির নেতাকর্মীদের বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানান।
জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, জেলা বিএনপি নেতা ও প্রতিমন্ত্রীর ছেলে অর্ণব নেওয়াজ হৃষিত, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কে এম সবুর খান শাহিন এবং গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু প্রমুখ।