ভারতে পলাতক শেখ হাসিনার কাছে কেবল নিজের এবং তাঁর পরিবারের স্বার্থই একমাত্র গুরুত্বপূর্ণ, এবং প্রয়োজনে তিনি আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল এ মন্তব্য করেছেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে তিনি এই বক্তব্য তুলে ধরেন। 

ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন, “শেখ হাসিনার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের ও পরিবারের স্বার্থ। বাংলাদেশ তো দূরের কথা, প্রয়োজনে আওয়ামী লীগকেও তিনি কোরবানি দিতে পারেন।” 

তিনি আরো লেখেন, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরপরই আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত হত্যা, অগ্নি সংযোগ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। পরিস্থিতি দেখে তাঁর মনে হচ্ছে, শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতেই পরিকল্পিতভাবে এই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে এবং এর পেছনে তাঁর নির্দেশনা বা প্ররোচনা থাকার যথেষ্ট কারণ রয়েছে। সরকারিসেবা

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা আবারও জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি সামনে নিয়ে আসছেন এবং আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের প্রচণ্ড বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। এর ফলে দলটির প্রতি যাঁদের সামান্য সহানুভূতিও ছিল, তাঁদের জন্যও দলটির পক্ষে কথা বলা কঠিন হয়ে পড়ছে।

গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার প্রসঙ্গ টেনে ড. আসিফ নজরুল লেখেন, ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত জিঘাংসার বহিঃপ্রকাশ হিসেবে গত এক মাসে তাঁর অনুগতরা গ্রামীণ ব্যাংকের প্রায় একশ শাখায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তিনি বলেন, ড. ইউনূস যে প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন, তা হামলাকারীরা বিবেচনায় নেয়নি। এই হামলা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রচেষ্টাকে আরও অগ্রহণযোগ্য করে তুলতে পারে বলেও তিনি সতর্ক করেন।

পোস্টের শেষাংশে ড. আসিফ নজরুল মন্তব্য করেন, শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন, তবে এই বোমায় তিনি নিজে নন, বরং আওয়ামী লীগই ক্ষতবিক্ষত হবে।”আওয়ামী লীগের নেতাকর্মীরা আর কবে উপলব্ধি করবেন এটা? কবে বুঝবেন যে, ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে তাঁদের নেত্রী দলটিকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন?,” লেখেন তিনি।