নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিঠুন সরকার নলডাঙ্গা উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত ভুট্টু সরকারের ছেলে। তিনি মাদক মামলার ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। মামলা নম্বর ৯৩৪/২০, জিআর নম্বর ১২৪/২০ (নল)।

পুলিশ সূত্রে জানা যায়, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার জাহানের দিকনির্দেশনায় এএসআই (নিঃ) মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে মিঠুন সরকারকে গ্রেপ্তার করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, মাদক মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।