বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলা এবং সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

গতকাল সোমবার (২৩ নভেম্বর) রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরণের ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় দণ্ডবিধি এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়। মামলাটির তদন্তের অংশ হিসেবে সোমবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে আরএমপির একটি আভিযানিক দল।

গ্রেপ্তার দুজন হলেন—যুবলীগের রাজশাহী মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খোকন (৬০) এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার সদস্য মো. ফারহান (২২)। খোকন নগরীর সাগরপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে। ফারহান বোয়ালিয়া থানার হেতেম খাঁ কলাবাগান এলাকার মো. জাহিদুল ইসলামের ছেলে।

অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণসহ সাম্প্রতিক বিভিন্ন নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করা এবং আতঙ্ক সৃষ্টির অভিযোগে মতিহার থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় একই দিন আরএমপির অপর একটি আভিযানিক দল মো. আরাফাত (২২) নামের একজনকে গ্রেপ্তার করে।

আরাফাত মতিহার থানার বামন শিকড় গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক গালিবের ঘনিষ্ঠজন। তাঁর বিরুদ্ধে মতিহার থানায় দুটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে আরএমপি।