রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসার অভিযোগে পাঁচজন এবং মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গত ২৩ নভেম্বর মহানগরীর মতিহার, কাশিয়াডাঙ্গা, দামকুড়া, বোয়ালিয়া, পবা ও রাজপাড়া থানা এলাকায় এসব অভিযান চালানো হয়।
অভিযানে ৫০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন ও ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক বিক্রির নগদ ১ হাজার ২৫ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ২৩ নভেম্বর বিকেল ৫টার দিকে মতিহার থানা পুলিশ খোঁজাপুর এলাকায় অভিযান চালিয়ে জাহাজঘাট গ্রামের মৃত ইদুর ছেলে মো. ইকবার হোসেন (২৯) এবং খোঁজাপুর ডাঁশমারী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. জাকারুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন বিকেল ৪টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গুড়িপাড়া লেকসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সুজন আলী (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি জয়পুরহাট সদর থানার আরামনগর গ্রামের মো. এনামুল হকের ছেলে। বর্তমানে রাজশাহীর রাজপাড়া থানার তেরখাদিয়া নতুন বিলসিমলা এলাকায় বসবাস করেন। এ সময় তাঁর কাছ থেকে ২ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া সন্ধ্যা সোয়া ৭টার দিকে দামকুড়া থানা পুলিশ নিজ থানা এলাকায় অভিযান চালিয়ে শিতলাই সরকারপাড়া এলাকার মো. মাজদার আলীর ছেলে সাব্বির হোসেনকে (২৬) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৩টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ উপশহর ১ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় মো. ইসতিয়াক আহম্মেদ পল্লবকে (৩৫) গ্রেপ্তার করে। তিনি কাদিরগঞ্জ দড়িখরবোনা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। পরে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
এদিকে, রাত সাড়ে ৯টার দিকে পবা থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় নগর পারিলা সিডির মোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় চারজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন—কামার পারিলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. আব্দুর রাজ্জাক (৪২), কিসমত পারিলা গ্রামের মো. একরাম মন্ডলের ছেলে মো. আশিকুল ইসলাম (২৫), চক পারিলা গ্রামের মো. শামসুলের ছেলে মো. শিমুল (৩২) এবং কাটাখালী থানার মোহনপুর বুধপাড়া গ্রামের মো. হেলাল মিয়া বাবুর ছেলে মো. লিমন (২৫)। পরে তাঁদের পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
অপরদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরএমপির স্পেশাল টিমের সহায়তায় রাজপাড়া থানা পুলিশ লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে রোহান আহম্মেদকে (২৫) গ্রেপ্তার করে। তিনি বহরমপুর গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১১ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ২৫ টাকা জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের একটি মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।