রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, উত্তর নওদাপাড়া গ্রামের মো. সুজনের ছেলে মো. শান্ত ইসলাম (২৪), বড়বাড়ীয়া গ্রামের মো. টুরু মিয়ার ছেলে মো. বেলাল হোসেন (৩৬), মৃত গাফফারের ছেলে মো. জুয়েল রানা (৩০), মো. ইনতাজ আলীর ছেলে মো. জাহিদ হাসান (২৬) এবং মো. রমজান আলীর ছেলে মো. রাশেদুল ইসলাম (২৬)।

ভ্রাম্যমাণ আদালত ইয়াবা সেবনের দায়ে শান্ত ইসলামকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে বেলাল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

অন্যদিকে, গাঁজা সেবনের দায়ে জুয়েল রানাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, জাহিদ হাসানকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড এবং রাশেদুল ইসলামকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকের বিস্তার রোধ, মাদকসংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে তাদের মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।