নওগাঁর পোরশায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২৫-এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পোরশা উপজেলার নিতপুর উপজেলা পরিষদ ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। বক্তব্যে তিনি বলেন, “ছোট ছোট শিশুমনিদের নিয়ে আমরা গর্বিত। তারা একদিন বড় হয়ে মানুষের মতো মানুষ হবে এবং দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তৌফিক শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, সাবেক যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম আলী, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদ ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মো. সাগর আলী।

এ সময় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের, পরিবার ও এলাকার সুনাম বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।