রাজশাহী রেঞ্জ পুলিশের আওতাধীন বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী রয়েছেন ১৭ জন। এ সময় বিভিন্ন অপরাধে ৫৭টি মামলা হয়েছে। 

পাশাপাশি অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহী রেঞ্জ পুলিশের প্রকাশিত গত ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পরোয়ানাভুক্ত ৫৪ জন, সাজাপ্রাপ্ত ১৫ জন, তদন্তাধীন মামলার আসামি ৮১ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় ছয়জন রয়েছেন। এ ছাড়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রেঞ্জে মোট ৫৭টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যার ঘটনায় দুটি, দস্যুতার একটি, চুরির দুটি, নারী ও শিশু নির্যাতনের দুটি এবং অন্যান্য ধারায় ৫০টি মামলা রয়েছে। এ সময়ে সাতটি অপমৃত্যুর ঘটনাও নথিভুক্ত হয়েছে।

অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও ১৯টি কার্তুজ।

এ ছাড়া ২০ গ্রাম হেরোইন, ১১০ পিস ইয়াবা, ২০ পিস ট্যাপেন্টাডল, ৫০০ গ্রাম গাঁজা, ২৫ লিটার চোলাই মদ ও ২৫ লিটার ওয়াশ উদ্ধার করা হয়েছে। তবে কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রেপ্তার ও উদ্ধারের লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময়ে সেবাপ্রত্যাশীদের ১ হাজার ৩২ জনকে সেবা দেওয়া হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত সেবা পেয়েছেন ২১ হাজার ৯৮৬ জন।