দুপুরের রোদে মাথার ওপর সারি সারি সোলার প্যানেলে ঝলমল করছে। আর ঠিক তার নিচেই সবুজ ফসলের বৈপ্লবিক পরিবর্তনের হাসি। এমনই এক মনমুন্ধকর পরিবেশে ব্যতিক্রমী ও আশাব্যঞ্জক দৃশ্যের দেখা মিলছে বগুড়ার মোকামতলা উপজেলার এক ফসলি মাঠে। প্রচলিত ধারণাকে বদলে দিয়ে একই জমি থেকে একদিকে ফলছে ফসল, অন্যদিকে উৎপাদিত হচ্ছে পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ। আর সেই উদ্বৃত্ত বিদ্যুৎ সরাসরি যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।

কৃষিতে এমনই বৈপ্লবিক পরিবর্তনের উদ্যোগ ও সম্ভাবনার দার উম্মোচন করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আখতারুজ্জামান।  সে প্রবাস জীবনে দীর্ঘ ২৪ বছরের অভিজ্ঞতাকে দেশের মাটিতে কাজে লাগিয়ে কৃষি ও জ্বালানি খাতে এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বগুড়া শহরের মালতীনগরের সন্তান মোহাম্মদ আখতারুজ্জামান ২০০১ সালে পাড়ি জমিয়েছিলেন সুদূর অস্ট্রেলিয়ায়।

 সেখানে ইনফরমেশন টেকনোলজি বিষয়ে পড়াশোনা শেষ করে দীর্ঘ সময় কাজ করেছেন নবায়নযোগ্য শক্তি, ব্যাটারি স্টোরেজ এবং সোলার সিস্টেম রক্ষণাবেক্ষণ নিয়ে। প্রবাসে থাকাকালীনই দেশের মাটিতে কিছু করার তাগিদ অনুভব করেন তিনি। সেই ভাবনা থেকেই নিজ এলাকা বগুড়ায় গড়ে তোলেন একটি গরুর খামার।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার চাকলমা (তালতলা) এলাকায় মাত্র একটি গরু দিয়ে শুরু হয়েছিল তাঁর খামারের যাত্রা। সময়ের পরিক্রমায় খামারটি বড় হয়ে এখন সেখানে প্রায় ১০০টি গরু রয়েছে। খামার বড় হওয়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে মাসিক বিদ্যুৎ বিল। এই বাড়তি ব্যয় সামাল দিতেই প্রবাসে শেখা সৌরবিদ্যুতের প্রযুক্তিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন আখতারুজ্জামান।

তবে সাধারণ সৌরবিদ্যুৎ প্রকল্পের একটি বড় সীমাবদ্ধতা হলো, প্যানেলের নিচের জমিটুকু পতিত পড়ে থাকে। কৃষিপ্রধান বাংলাদেশে আবাদি জমি নষ্ট না করে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেই চিন্তা থেকেই তিনি বেছে নেন এক উদ্ভাবনী পথ। মাটি থেকে বেশ উঁচুতে বিশেষ কাঠামো তৈরি করে তার ওপর বসান সোলার প্যানেল। ফলে প্যানেলের ফাঁক গলে পর্যাপ্ত সূর্যের আলো ও বৃষ্টির পানি নিচে পৌঁছাতে পারে, আর নিচের জমিতে নির্বিঘ্নে চলে সবজি ও অন্যান্য ফসলের চাষাবাদ।

মোকামতলার প্রথম সৌর সেচ ও বিদ্যুৎ প্রকল্পের সাফল্যের পর সেখান থেকে প্রাপ্ত আয় দিয়ে সোনাতলা উপজেলায় আরও একটি প্রকল্প গড়ে তুলেছেন তিনি। বর্তমানে এই দুটি প্রকল্পের আওতায় প্রায় সাড়ে তিনশ বিঘা আবাদি জমি যুক্ত হয়েছে, যার পরিধি দিন দিন বাড়ছে।

এই সমন্বিত চাষাবাদ ও সৌর সেচ ব্যবস্থায় দারুণ খুশি স্থানীয় কৃষকরাও। তাঁদের ভাষ্যমতে, আগে ডিজেলচালিত শ্যালো মেশিনে সেচ দিতে যে খরচ হতো, সৌর সেচের কারণে তা অর্ধেকেরও নিচে নেমে এসেছে। পাশাপাশি জমির উর্বরতা ও ফসলের ফলন সম্পূর্ণ অটুট থাকায় কৃষকদের নিট আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। অন্যদিকে, দিনে উৎপাদিত সৌরবিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণ করে খামারের নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত অংশ নেট মিটারিং পদ্ধতির মাধ্যমে যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।

আখতারুজ্জামানের স্বপ্ন এখন আরও বড়। তিনি কাজ করছেন ‘এক গ্রাম,এক মেগাওয়াট বিদ্যুৎ’ ধারণা বাস্তবায়নের লক্ষ্যে। তাঁর বিশ্বাস, দেশের প্রতিটি গ্রামে যদি এভাবে ফসলি জমির ওপর উঁচু কাঠামোয় সৌর প্যানেল স্থাপন করা যায়, তবে একদিকে যেমন গ্রামীণ পর্যায়েই বিদ্যুতের চাহিদা মিটবে, অন্যদিকে কৃষক কম খরচে সেচ সুবিধা পাবেন।

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট এবং ডলার সাশ্রয়ের প্রেক্ষাপটে এই উদ্যোগ সময়োপযোগী। যেটি অর্থনীতি ও পরিবেশ রক্ষায় এই মডেলের বহুমুখী ইতিবাচক দিক রয়েছে। ডিজেলচালিত সেচের ওপর নির্ভরতা কমলে জ্বালানি তেল আমদানিতে সরকারের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। আবাদি জমি নষ্ট না করেই বাড়তি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হওয়ায় দেশের খাদ্য উৎপাদনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমে আসায় কার্বন নিঃসরণ হ্রাস পাবে এবং গ্রামীণ পরিবেশ দূষণমুক্ত থাকবে।

এ প্রসঙ্গে উদ্যোক্তা মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, সরকারি নীতিসহায়তা, সহজ শর্তে ব্যাংক ঋণ এবং নেট মিটারিং ব্যবস্থার আরও সম্প্রসারণ ঘটানো গেলে দেশের অসংখ্য তরুণ উদ্যোক্তা এই খাতে এগিয়ে আসবেন। 

বগুড়ার মোকামতলা ও সোনাতলার ফসলি মাঠের এই সবুজ ও আলোকিত বিপ্লব সারাদেশে ছড়িয়ে পড়লে তা বাংলাদেশের কৃষি অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।