নওগাঁর মান্দায় আত্রাই নদীতে গোসল করতে নেমে একের পর এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। গত কয়েক বছরে নদীটিতে ডুবে একাধিক শিশুর প্রাণহানি হলেও ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন কিংবা জনসচেতনতা বাড়াতে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ফলে নদীপাড়ের শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
সর্বশেষ গত ১৫ নভেম্বর দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের পার লক্ষীরামপুর এলাকায় আত্রাই নদীতে ডুবে মারা যায় রিয়ান হোসেন (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। সে ওই গ্রামের আনোয়ার হোসেন সরদারের ছেলে এবং আয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রিয়ান। একপর্যায়ে সে আত্রাই নদীতে গোসল করতে যায়। দুপুর ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীতে খোঁজার একপর্যায়ে প্রতিবেশী মুছা প্রামাণিক (৩৮) তাকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
আত্রাই নদীতে শিশুর ডুবে মৃত্যুর ঘটনা এবারই প্রথম নয়। গত কয়েক বছরে নদীর বিভিন্ন এলাকায় গোসল করতে গিয়ে একাধিক শিশুর মৃত্যু হয়েছে।
২০২৪ সালের ২৫ অক্টোবর উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর মধ্যপাড়া এলাকায় বেড়াতে এসে আত্রাই নদীতে গোসল করতে নেমে মারা যায় রফিকুল ইসলাম (১০) নামে এক মাদ্রাসাছাত্র।
সে মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের স্বরস্বতীপুর বাজারসংলগ্ন চকরাজা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। মাদ্রাসার ছুটিতে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পরদিন শুক্রবার বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় সে। প্রায় তিন ঘণ্টা পর রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
এরপর ২০২৬ সালের ১ এপ্রিল উপজেলার চকবালু এলাকায় নদীতে গোসল করতে গিয়ে প্রাণ হারায় রিয়া মনি (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। সে রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের রনির মেয়ে। খালার বাড়িতে বেড়াতে এসে বাবাসহ অন্য শিশুদের সঙ্গে গোসল করতে গিয়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায় সে। পরে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই বছরের ৩১ মে উপজেলার ফেরিঘাট বিশ্বাসপাড়া এলাকায় নদীতে গোসল করতে নেমে মারা যায় মুশফিক (৮) নামে আরেক শিশু। সে কয়াপাড়া গ্রামের হাফিজুর রহমানের নাতি। স্থানীয় শিশুদের সঙ্গে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যায় সে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
সর্বশেষ ১৫ নভেম্বর পার লক্ষীরামপুর এলাকায় রিয়ানের মৃত্যুতে ২০২৬ সালের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত আত্রাই নদীতে গোসল করতে গিয়ে তিন শিশুর প্রাণহানির ঘটনা ঘটল। এর আগে ২০২৪ সালেও একই নদীতে প্রাণ হারিয়েছিল এক মাদ্রাসাছাত্র।
স্থানীয়দের কাছে আত্রাই নদী দৈনন্দিন জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। কৃষিকাজ, মাছ ধরা ও গোসলসহ নানা প্রয়োজনে নদীটি ব্যবহার করেন তাঁরা। নদীতীরবর্তী এলাকার শিশুদের কাছেও নদীটি পরিচিত। কিন্তু নদীর গভীরতা, স্রোত ও তলদেশের গর্ত সম্পর্কে ধারণা না থাকায় গোসল করতে নেমে বিপদে পড়ছে শিশুরা।
বিশেষ করে সাঁতার না জানা কিংবা অল্প সাঁতার জানা শিশুদের জন্য নদীতে গোসল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নদীর কোনো অংশে পানি কম মনে হলেও সামান্য এগোলেই গভীর পানিতে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
এদিকে আত্রাই নদীর মদনচক ও লক্ষীরামপুর এলাকায় অতীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও প্রতিবাদ দেখা গেছে। নদীর বিভিন্ন স্থানে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে তলদেশে গর্ত সৃষ্টি, নদীতীরের ভাঙন এবং বসতবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়ার অভিযোগ তুলেছিলেন তাঁরা।
২০২৪ সালের ৭ নভেম্বর উপজেলার ভালাইন ইউনিয়নের বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা। পরে বানডুবি বাজার থেকে মদনচকের দও পর্যন্ত বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
তখন আন্দোলনকারীদের অভিযোগ ছিল, মদনচক ও লক্ষীরামপুর মৌজায় অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ফসলি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।
সংবাদ প্রকাশের পর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম মিয়া নদীর বিভিন্ন ভাঙন পয়েন্ট ও বেড়িবাঁধ পরিদর্শন করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি), এলজিইডির কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নদীতীরবর্তী গুরুত্বপূর্ণ স্থানে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন না করার নির্দেশনাও দেওয়া হয়েছিল।
এ ছাড়া বালু উত্তোলন বন্ধের দাবিতে প্রকাশিত সংবাদ আদালতের নজরে এলে নওগাঁর আমলি আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেন এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।
তবে অতীতে বালু উত্তোলনের কারণে নদীর তলদেশে সৃষ্টি হওয়া গর্তের সঙ্গে সাম্প্রতিক শিশুমৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো তদন্ত বা কারিগরি তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়দের মতে, একই নদীর বিভিন্ন স্থানে বারবার শিশুমৃত্যুর ঘটনা ঘটলেও ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি। বিশেষ করে লক্ষীরামপুর, মদনচক, চকবালু ও ফেরিঘাটসংলগ্ন এলাকায় নদীর গভীরতা ও স্রোত বিবেচনায় নিয়ে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
নদীর যেসব স্থানে গভীরতা বেশি, তীব্র স্রোত রয়েছে কিংবা তলদেশে গর্ত থাকার আশঙ্কা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা যেতে পারে। পাশাপাশি বিদ্যালয়ে শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি, সাঁতার শেখা এবং পানিতে দুর্ঘটনা ঘটলে করণীয় বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানোর প্রয়োজন রয়েছে।
এ জন্য উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত উদ্যোগ জরুরি। প্রয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি ও নদীতীরবর্তী বাসিন্দাদের নিয়ে নিরাপত্তাবিষয়ক কমিটি গঠন করা যেতে পারে। অভিভাবকদেরও শিশুদের একা নদীতে গোসল করতে যেতে না দেওয়ার বিষয়ে সচেতন হতে হবে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন বলেন, বিষয়টি জানতে পেরেছি। আগামী আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই নদীতে বারবার শিশুমৃত্যুর ঘটনা এখন শুধু দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। প্রতিটি মৃত্যুর পর একটি পরিবারে নেমে আসছে শোকের ছায়া। অথচ ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণ, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, অভিভাবকদের সচেতনতা এবং প্রশাসনিক নজরদারির মাধ্যমে এমন দুর্ঘটনা প্রতিরোধে ভূমিকা রাখা সম্ভব।
রিয়ানের মৃত্যু তাই শুধু একটি পরিবারের কান্না নয়, আত্রাই নদীপাড়ের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করারও সতর্কবার্তা। আর কত শিশুর প্রাণহানি ঘটলে নদীর ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে কার্যকর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে, সেই প্রশ্ন এখন স্থানীয়দের।