রাজশাহী মহানগরীর পৃথক চারটি থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও চুরির প্রস্তুতির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
পরে গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে অপরাধ স্বীকার করলে সামারি ট্রায়ালের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
রোববার (২২ নভেম্বর) ও সোমবার (২৩ নভেম্বর) রাজপাড়া, কাটাখালী, বেলপুকুর ও শাহমখদুম থানা পুলিশ এসব অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর আরএমপির স্পেশাল টিমের সহায়তায় রাজপাড়া থানা পুলিশ গাঁজা সেবনরত অবস্থায় চারজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে তুহিন, রাজপাড়া থানার ডিঙ্গাডোবা গ্রামের বাদশার ছেলে সেলিম, একই এলাকার নুরুজ্জামানের ছেলে মারুফ হোসেন এবং লক্ষ্মীপুর ভাটাপাড়া গ্রামের মৃত হাবলের ছেলে সোহেল। পরে আদালতে অপরাধ স্বীকার করলে তাঁদের প্রত্যেককে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
এদিকে সোমবার (২৩ নভেম্বর) কাটাখালী থানা পুলিশ পরিবারের সহায়তায় মাদক সেবনরত অবস্থায় মো. রসুল (২৮) নামের একজনকে গ্রেপ্তার করে। তিনি বেলঘড়িয়া গ্রামের নবাব আলীর ছেলে। আদালতে অপরাধ স্বীকার করায় তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
একই দিন বেলপুকুর থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় চুরির প্রস্তুতিকালে মো. রিদয় হোসেন (২৮) নামের একজনকে গ্রেপ্তার করে। তিনি মতিহার থানার চার সাতবাড়িয়া গ্রামের মৃত তৈমুর আলীর ছেলে। আদালতে অপরাধ স্বীকার করায় তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে শাহমখদুম থানা পুলিশ মাদক সেবনরত অবস্থায় মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। তিনি উত্তর নওদাপাড়া গ্রামের নাজির উদ্দিনের ছেলে। পরে আদালতে অপরাধ স্বীকার করলে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আরএমপি সূত্রে জানানো হয়, পৃথক অভিযানে গ্রেপ্তার সাতজনকে আদালতে সোপর্দ করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে এসব দণ্ডাদেশ দেওয়া হয়।