ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানার হাফেজ সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের (৮১) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ জামিন নামঞ্জুর করে আদেশ দেন। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সাথী সাহা। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন। গত ১৮ নভেম্বর দিবাগত রাত ২টা ১০ মিনিটে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।

পরদিন তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ভিকটিম হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম (২১) উত্তরা পশ্চিম থানাধীন জামিয়াছিন ইসলামিয়া মাদরাসার কিতাব বিভাগে পড়াশোনা করতেন। ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল আনুমানিক ৩টার দিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলাকালে উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরস্থ উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তায় সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীদের ছোড়া গুলিতে পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সাদিকুল ইসলাম।

পরদিন ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আদালতের নির্দেশে সংশ্লিষ্ট থানায় মামলাটি এফআইআর হিসেবে গণ্য করা হয়।

পুলিশ জানায়, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত দায়ের হওয়া আরও ১০টি মামলার তথ্য রয়েছে।