রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ী ও দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), মতিহার, রাজপাড়া ও বোয়ালিয়া থানা পুলিশ। এ সময় ২৫০ গ্রাম গাঁজা, ৮৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে মহানগর ডিবি পুলিশ মতিহার থানার বামনশিখড় উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. হারুন অর রশিদ ওরফে ভুট্টো (৫৭)-কে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
একই দিন দুপুর সোয়া ১টার দিকে মতিহার থানা পুলিশ কাজলা গ্রামের চার রাস্তার মোড় এলাকায় মো. এবাদত হোসেন আমিন (২২)-এর বসতবাড়িতে অভিযান চালায়। তিনি ওই এলাকার মো. রিমনের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, গত ২১ নভেম্বর রাত সোয়া ১০টার দিকে রাজপাড়া থানা পুলিশ লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে বোয়ালিয়া থানার উপশহর (নিউমার্কেট) এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. মারুফ ইসলাম (১৯)-কে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা নয়টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধেও বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
একই দিন রাত পৌনে ৯টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ বর্ণালী মোড় এলাকায় অভিযান চালিয়ে রাজপাড়া থানার বিলশিমলা গ্রামের ওহাবের ছেলে মো. সাব্বির (২৫)-কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
অন্যদিকে, গত ২২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে আরএমপির স্পেশাল টিমের সহায়তায় রাজপাড়া থানা পুলিশ লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করে। তাঁরা হলেন লক্ষ্মীপুর ভাটাপাড়া গ্রামের মো. একরামের ছেলে মো. আনমুল শেখ (২১) এবং পবা থানার বড়গাছি মালপাড়া গ্রামের মো. সোহরাবের ছেলে মো. সিফাত হোসেন (১৯)।
এ সময় আনমুলের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির এক হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অপরদিকে, সিফাতের কাছ থেকে ৩৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৩৩৭ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।