রাজশাহী মহানগরীর দামকুড়া থানা এলাকায় ইয়াবা ট্যাবলেট ও গাঁজা রাখার দায়ে মো. বেলাল উদ্দিন (২৯) নামে এক যুবককে দেড় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে চার হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দামকুড়া থানা পুলিশের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় দামকুড়া থানার জোতরাবন গ্রামের বাসিন্দা মো. আব্দুল মান্নানের ছেলে বেলাল উদ্দিনকে দুইটি ইয়াবা ট্যাবলেট ও তিন গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত ইয়াবা রাখার অপরাধে তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। পাশাপাশি গাঁজা রাখার অপরাধে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধ ও দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।