রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা ও বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ি। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মোট ৪৭২ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গত শনিবার (২১ নভেম্বর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বর্ণালী মোড়, ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় ও আইডি বাগানপাড়া এলাকায় এসব অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে রাজপাড়া থানা পুলিশ ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. কামরুল হাসান (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা কলোনি এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
অন্যদিকে, একই দিন ভোর ৫টার দিকে বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ি বর্ণালী মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. শুভ ইসলাম জয় (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি ষষ্ঠিতলা এলাকার মো. মাসুদের ছেলে। গাঁজা ও ইয়াবা সেবন করে মাতলামি করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এ ছাড়া সন্ধ্যা ৭টার দিকে আরএমপির স্পেশাল টিমের সহায়তায় রাজপাড়া থানা পুলিশ আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. শাহ পরান (২৮) ও মো. ইব্রাহিম আলী (৩৮) নামে দুজনকে গ্রেপ্তার করে। শাহ পরান বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকার মো. শহিদুলের ছেলে এবং ইব্রাহিম একই থানার শিরোইল স্টেশনপাড়া এলাকার মো. বাবর আলীর ছেলে।
পুলিশ জানায়, শাহ পরানের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৫২ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, ইব্রাহিম আলী দীর্ঘদিন ধরে শাহ পরানের সহযোগী হিসেবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
পুলিশ আরও জানায়, শাহ পরান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি এবং পেনাল কোডে একটি মামলা রয়েছে।